নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ নভেম্বর শনিবার দিবাগত রাত ১টার দিকে সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের পুত্র মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের পুত্র মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর পুত্র রাফি (১৯) ও সুরুজ মিয়ার পুত্র আরিফ (২৬)।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না যুবলীগের রাজনীতির সাথে জড়িত। গ্রেফতাররা এই বাড়িতে প্রায়সময়ই মিলিত হতো। মুন্নার নেতৃত্বে সরকারবিরোধী ঝটিকা মিছিল করতো। ওই বাসাতেই কয়েকদিন পূর্বে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ছবি ফেসবুকে আপলোডও করা হয়েছিল।
গ্রেফতার নিশাদ জানান, আমি পোষাক শ্রমিক। মুন্না ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মিছিলে নিয়ে যেতো। কয়েকদিন পূর্বে ওই বাসায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপি নেতা তাই নিরাপদ মনে করে ইতঃপূর্বে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের চার কর্মীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তা ছাড়া তাদের মোবাইল ফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলে তাদের উপস্থিতির ভিডিও পাওয়া গেছে। একই সাথে দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরে আত্মগোপন করে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথে গ্রুপ চ্যাটিংয়ের প্রমানা পাওয়া গেছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available