নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পূর্ববিরোধের জেরে বুলবুল আহমেদ (৩৫) নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর অপরাধী দলের বিরুদ্ধে।
২০ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বুলবুল আহমেদ শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ।
স্থানীয় সূত্র ও ইসলামী আন্দোলনের নেতাদের ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের মালিকানাধীন একটি গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তিনি মামলা করেন। ওই মামলায় স্থানীয় কিশোর অপরাধী দলের নেতা হিসেবে পরিচিত শেখ সিফাত ওরফে ‘কাটা সিফাত’সহ কয়েকজনকে আসামি করা হয়।
ওই মামলাকে কেন্দ্র করেই বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বিরোধ তৈরি হয় বলে দাবি সংশ্লিষ্টদের। এর আগে বুলবুলের ওপর হামলার চেষ্টাও হয়েছিল বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা।
মুফতি মাছুম বিল্লাহ জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর প্রয়োজনীয় কাজে সালেহনগর এলাকায় গেলে বুলবুলের ওপর হামলা চালায় সিফাতের নেতৃত্বাধীন একটি দল। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে রক্তাক্ত অবস্থায় বুলবুলকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাছুম বিল্লাহ বলেন, বুলবুলের করা মামলার কারণে সিফাত ও তার লোকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। এর আগেও তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সালেহনগরে গেলে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available