• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০২:২৬ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন

৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৪:১১

টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে এক শিশুকে পালাক্রমে যৌন নিগ্রহের দায়ে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

৭ অক্টোবর বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো—টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) এবং একই এলাকার আয়নালের ছেলে রুবেল (২৩)।

মামলার বিবরণ ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ভুক্তভোগী শিশুটি পরিবারের অমতে তার পছন্দসই পাত্রকে বিয়ে করেছিল। বিগত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে ভিকটিম তার স্বামীর সাথে বাড়ির বাইরে দেখা করতে গেলে আসামি আরিফ ও রুবেল সেখানে উপস্থিত হয়। তারা স্বামীক এক ঘণ্টারও বেশি সময় ধরে একটি খুঁটির সাথে বেঁধে রেখে ভিকটিম শিশুর ওপর পালাক্রমে নির্যাতন চালায় এবং পরে তাদের ছেড়ে দেয়।

এ ঘটনার ছয় দিন পর ভিকটিম শিশু নিজেই বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই দণ্ডাদেশ প্রদান করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট খন্দকার মো. রোকুনুজ্জামান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হারাধন চন্দ্র সিংহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ