• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২৬:১১ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

ভারতীয় সীমান্তে কড়া অবস্থানে বিজিবি, ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

১৯ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:৪৩

ভারতীয় সীমান্তে কড়া অবস্থানে বিজিবি, ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

ডেস্ক রিপোর্ট: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

১৯ জুন শুক্রবার ভোরে সীমান্তের শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনক নড়াচড়া দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন এবং সীমান্তে সতর্কতা জোরদার করেন। এ সময় সীমান্তের শূন্যরেখার কাছে চারজন ব্যক্তিকে অবস্থান করতে দেখে বিজিবি। বিজিবির কড়া অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। পরে ওই চারজনকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয় বিএসএফ।

সূত্র জানায়, চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী উদ্দেশ্যে সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, শুক্রবার ভোরে বৃষ্টির আগে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক সময়ে সীমান্তে কথিত পুশইনের অভিযোগ বাড়তে থাকায় মেহেরপুর সীমান্তে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us