অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদরাসাচাপা পড়ে ৭ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বহু সংখ্যক শিশু আটকা পড়েছে।
৮ জুলাই বুধবার দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-০৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্প সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মাদরাসার ওপর পড়ে। ওই সময় মাদরাসায় পাঠদান চলছিল। আকস্মিক পাহাড়ধসে ভবনটি মাটিচাপা পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীরা আটকা পড়ে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
ক্যাম্পের রোহিঙ্গা স্বেচ্ছাসেবক রফিক জানান, বিকেল পৌনে ৩টা পর্যন্ত সাত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দাবি, ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিক্ষার্থী আটকা পড়ে আছে এবং স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
তবে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, এখন পর্যন্ত দুই শিশুর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং তিনি ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। ধ্বংসস্তূপের নিচে আরও শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available