মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধলেশ্বরী নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
৪ এপ্রিল শনিবার দুপুরে বরাইদ ইউপি-ছনকা বাজার হয়ে রাজৈর সড়কের ১৭৫০ মিটার চেইনেজে ৩৩৬ দশমিক ৪০ মিটার দৈর্ঘ্যের এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচনের আগে এলাকার মানুষের প্রধান দাবি ছিল রাস্তাঘাট ও সেতুর উন্নয়ন, যা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, এই সেতুর নির্মাণ শেষ হলে প্রায় ৩০ কিলোমিটার পথ কমে যাবে এবং মানুষের যাতায়াত সহজ হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্বিতীয় ধাপে মানিকগঞ্জেও তা পৌঁছাবে। এছাড়া ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে।
পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে পাঁচ কোটি গাছের চারা রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা অপরিহার্য। তিনি সবাইকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকার আহ্বান জানান। তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, এলাকায় পদ্মা সেতু আন্তর্জাতিক স্টেডিয়াম এবং একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে, যা যুবসমাজের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও কাজ করা হবে বলে জানান তিনি।
এ সেতুর নির্মাণ সম্পন্ন হলে মানিকগঞ্জের সাটুরিয়া ও দৌলতপুর এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার লাখো মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বিএনপির জেলা ও উপজেলা নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available