• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:২৫:১১ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

নাতিকে টাকা ধার না দিতে এলাকাজুড়ে দাদার মাইকিং

২৪ আগস্ট ২০২৬ সকাল ১১:০৪:৪৩

নাতিকে টাকা ধার না দিতে এলাকাজুড়ে দাদার মাইকিং

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর মনোহরদীতে নাতির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন ৭২ বছর বয়সী এক দাদা। নাতির বিরুদ্ধে মানুষের কাছ থেকে ধার করে সেই টাকা তার ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ব্যতিক্রমী এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২২ আগস্ট শনিবার বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। অটোরিকশায় মাইক লাগিয়ে এলাকাজুড়ে দেওয়া ওই সতর্কবার্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাইকিং করা দাদার নাম মো. করম আলী ব্যাপারী (৭২)। তার নাতি মো. মাহাবুব মিয়া (২২)। তারা দুজনই মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।

মাইকিংয়ে করম আলীকে বলতে শোনা যায়, তার নাতি মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকানদার যেন লেনদেন না করেন, তাকে ধার না দেন এবং নিজেদের মোবাইল ফোনও তার হাতে না দেন। কেউ এ সতর্কবার্তা অমান্য করে তার সঙ্গে আর্থিক লেনদেন করলে থানায় অভিযোগ করা হবে বলেও মাইকিংয়ে জানানো হয়।

স্থানীয়দের ভাষ্য, মাহাবুব বিভিন্ন দোকানদার ও মানুষের কাছ থেকে টাকা ধার করে পরে সেই দায় দাদার ওপর চাপিয়ে দিতেন। কখনো দাদার নাম ব্যবহার করেও টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনায় অতিষ্ঠ হয়ে করম আলী প্রকাশ্যে এলাকাবাসীকে সতর্ক করার সিদ্ধান্ত নেন।

করম আলী বলেন, দীর্ঘদিন ধরে নাতির কারণে তাকে মানুষের কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ করতে হচ্ছে। কয়েক দিন আগে মাহাবুব জুয়া খেলে ৬০ হাজার টাকা হারিয়েছে। এর মধ্যে তিনি ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি ১০ হাজার টাকা দিতে না পারায় তাকে অপমান করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বাজারে ছাগল বিক্রি করে তার সংসার চলে। নাতির এমন আচরণে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়েই মাইকিং করেছেন।

বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন বলেন, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে সেই দায় দাদার ওপর চাপায়। এতে অতিষ্ঠ হয়েই করম আলী এমন ব্যতিক্রমী সতর্কবার্তা দিয়েছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২
আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২
২৪ আগস্ট ২০২৬ সকাল ১১:২৪:৩১