অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামের আরসার (ARSA) এক সদস্য নিহত হয়েছেন।
৩০ জুলাই বৃহস্পতিবার ভোরে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এপিবিএন সূত্র জানায়, ভোররাতে জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।
তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত জুবায়েরের বাড়ি ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে। তার বাবার নাম রহমত উল্লাহ।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, কথিত আরসা ও আরএসও-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের মধ্যে কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল।
তবে জুবায়ের হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available