অনলাইন ডেস্ক: আজ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ। বৃহৎ দুটি জামাতের আয়োজন ছিলো শোলাকিয়া ও গোর-এ শহীদে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এরপর পশু কোরবানি দিয়েছেন মুসল্লিরা। দেশের বিভিন্ন জায়গায় ঝুম বৃষ্টি, এর মধ্যেই পবিত্র ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।
শোলাকিয়া মাঠে এবার ১৯৯তম ঈদের জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়া উপেক্ষা করেই অংশ নেন দূরদুরান্ত থেকে আসা মুসল্লিরা। এতে ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মুসল্লিদের আসা-যাওয়ায় দুটি বিশেষ ট্রেন চালু করে সরকার। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
দেশের আরেক বৃহৎ ঈদগা দিনাজপুরের গোর-এ-শহীদ। সেখানেও নামাজ পড়েছেন মুসল্লিরা। সকাল সাড়ে আটটায় জামাত শুরু হয়। এতে ইমামতি করেন মতিউর রহমান। সেখানে নেওয়া হয় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মুসলিম উম্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মোনাজাত।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ঈদ নামাজে অংশ নেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কালিবাড়ির নিজ বাসভবনে গিয়ে ভেদাভেদ ভুলে দেশের ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বন্দরনগরী চট্টগ্রামে সকাল সাড়ে ৭ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ ময়দানে। অংশ নেন হাজারো শিশু বৃদ্ধসহ মুসল্লি। ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা। নামাজ শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময় হয়।
রাজশাহীতে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ময়দানে।এছাড়া, টিকাপাড়া মহানগর ঈদগাহ ও বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় খুলনার টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। ভোর থেকেই আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে আসতে থাকেন। অনেকে পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে নামাজে অংশ নেন। পরে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন একে অপরে।
ময়মনসিংহ নগরীতে ঈদের প্রধান জামাত হয়েছে আঞ্জুমান ঈদগাহ ময়দানে। বৈরি আবহাওয়ার মধ্যেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহ মাঠে আসেন। কানায় কানায় পূর্ণ হয় ওঠে ঈদগাহ মাঠ ।
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। রংপুরে সকাল ৬ টা ৪৫ মিনিটে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্যের পাশাপাশি জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ঈদের নামাজ আদায় করেন।
এদিকে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মহান আল্লাহর রহমত কামনা করে তিস্তা অববাহিকার ৫ জেলা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ও গাইবান্ধায় ঈদগাহ মাঠে বিশেষ মোনাজাত করেছেন মুসল্লিরা
এছাড়া কুমিল্লা, কক্সবাজার, নাটোরসহ দেশজুড়েই ঈদগাহ ও মসজিদ ঈদ-উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। পরে আল্লাহ'র সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন মুসল্লিরা।
তথ্যসূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available