• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৪০:১৩ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

১০ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৯

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যে ক্রীড়া সংশ্লিষ্ট বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। ভবিষ্যতে এই অঞ্চল থেকে ঋতুপর্ণা চাকমা বা রূপনা চাকমাদের মতো আরও বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে।

১০ মে রোববার রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, রাঙামাটি জেলা হচ্ছে খেলোয়াড় তৈরির অন্যতম একটি উর্বর ক্ষেত্র। অতীতেও এই মাটি থেকে অসংখ্য গুণী খেলোয়াড় উঠে এসেছেন। আমার কাকাও একজন সফল ক্রীড়াবিদ ছিলেন, যিনি পাকিস্তান আমলেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন। বর্তমানে রূপনা, ঋতুপর্ণা, মনিকা ও আনাই মগিনীরা আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে এনেছেন। প্রতিটি স্কুলে নিয়মিত সংগীত ও ক্রীড়া চর্চা নিশ্চিত করতে প্রয়োজনে শিক্ষক নিয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আরও উৎসাহিত করা হবে বলে জানান মন্ত্রী। তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে সচেষ্ট থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার মন্ত্রী-পত্নী মিসেস মৈত্রী চাকমা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সহ নানা উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী করে তুলছে। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। মিসেস মৈত্রী চাকমা পার্বত্য অঞ্চলের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে এবং সরকারি বরাদ্দ অব্যাহত রাখতে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বালিকা দলের ফাইনালে বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বালক দলের ফাইনালে রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনিষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২