দিনাজপুর প্রতিনিধি: সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, দেশের নদী, খাল ও জলাশয়কে পূর্ণাঙ্গভাবে খননের যে বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে দিনাজপুর জেলার একটি খাল পরিদর্শনে তিনি সেখানে গেছেন।


২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এই খালটি খনন করা হলে ওই অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। এর ফলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতাহারে যে অঙ্গীকার করেছিলেন, আজকের এই কার্যক্রম তারই বাস্তব প্রতিফলন। খাল খননের মাধ্যমে কতটা জমি নতুন করে আবাদযোগ্য করা সম্ভব- এই প্রকল্প তারই স্পষ্ট উদাহরণ।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। তবে সম্প্রতি একাধিক মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় যৌথভাবে একটি টিম গঠন করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খনন করা খালগুলো ভবিষ্যতে পুনরায় ভরাট না হয়ে যায়। এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন, সরকার সেই পথ অনুসরণ করেই এবার এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available