ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ৫১ ব্যাচের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে বহিরাগত এক ব্যক্তির দ্বারা ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগ দাবিতে ১৩ মে বুধবার রাতে বিক্ষোভে নামেন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী।
কালের কণ্ঠের প্রতিবেদন থেকে জানা যায়, রাত ১০টা ১০ মিনিটের দিকে ছাত্রী হল এলাকা থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন রেজিস্ট্রার ভবনে অবস্থিত প্রক্টর অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।


বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল— ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘প্রক্টরের পদত্যাগ, করতে হবে করতে হবে’ ইত্যাদি।

শিক্ষার্থীদের অভিযোগ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে প্রক্টরিয়াল বডি ব্যর্থ হয়েছে। তারা দাবি করেন, বর্তমান প্রক্টরের দায়িত্বকালে একাধিক গুরুতর ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবন ঘেরাও করেন এবং অভিযুক্তের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। একই সঙ্গে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, বুধবার রাত ১০টায় সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হলেও পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও এতে সংহতি জানিয়ে অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available