কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আন্তঃস্কুল-কলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)।
৬ মার্চ শুক্রবার সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন ও সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল ফেসবুকে একটি ইভেন্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।


আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১১ এপ্রিল ২০২৬ আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। অন্যদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আগামী ১৭ ও ১৮ এপ্রিল চারটি রাউন্ডে অনুষ্ঠিত হবে, যেখানে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেবে।

সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সিওইউডিএস বিতর্ক চর্চা এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা বিভিন্ন আঞ্চলিক, জাতীয় ও টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করলেও এতদিন বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবার সেই আয়োজন বাস্তবায়িত হতে যাচ্ছে। এতে ৩২টি বিশ্ববিদ্যালয় ও ২৪টি স্কুল-কলেজের দল অংশ নেবে। এই আয়োজনের মাধ্যমে বিতর্ক চর্চার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনামও ছড়িয়ে পড়বে বলে আমরা আশাবাদী।'
কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগে কখনো জাতীয় বিতর্ক উৎসব আয়োজিত না হওয়ায় বিতার্কিক হিসেবে মনে একটা বড় অপ্রাপ্তি ছিল। তবে বিশ্ববিদ্যালয় থেকে বিদায়ের ঠিক আগ মুহূর্তে যেন এক মিরাকল ঘটে গেল! কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সকল সিনিয়র, মডারেটর ও বিতার্কিকদের সম্মিলিত সিদ্ধান্তে আমরা ইনশাআল্লাহ প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করতে যাচ্ছি। সবার প্রচেষ্টায় পাওয়া এই সাহস থেকেই আগামী ১৭-১৮ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাক্ষী হতে যাচ্ছে বিতর্কের ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের। এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available