সিলেট প্রতিনিধি: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা। রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। দায়িত্ব গ্রহণের সময় রোজা ঘনিয়ে আসায় বিশেষ প্রস্তুতির সুযোগ সীমিত ছিল উল্লেখ করে তিনি বলেন, ইতিবাচক দিক হলো—সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, যা বাজারমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পার্শ্ববর্তী দেশগুলো ডিজিটাল রূপান্তরে বড় উদ্যোগ নিচ্ছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দিচ্ছে। বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে হবে।
আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available