রংপুর ব্যুরো: বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ডিজেল সংকট, যার প্রভাব পড়েছে কৃষিখাতে। বিশেষ করে বোরো ধান রোপণ কার্যক্রম ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন রংপুর অঞ্চলের কৃষকরা।
ডিজেলের অভাবে সেচপাম্প চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে বিদ্যুৎচালিত সেচপাম্প ব্যবহার করছেন। তবে ঘনঘন লোড শেডিংয়ের কারণে সঠিকভাবে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে চাষাবাদে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


সেচপাম্প মালিক ও কৃষকেরা জানান, রংপুরসহ উত্তরাঞ্চলের অধিকাংশ কৃষি জমি ডিজেলচালিত সেচের ওপর নির্ভরশীল। কিন্তু বাজার ও ফিলিং স্টেশনে পর্যাপ্ত ডিজেল না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। এর সঙ্গে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে।

স্থানীয় কৃষাণ-কৃষাণীরা বলেন, এ অঞ্চলের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষিনির্ভর। ডিজেল সংকটে সেচ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বিকল্প জীবিকার সন্ধানে নামতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ ভ্যান চালানোসহ অন্যান্য পেশায় ঝুঁকছেন।
কৃষকেরা আরও জানান, দীর্ঘদিন ধরে ডিজেল সংকট চলায় বিদ্যুৎচালিত সেচের ওপর নির্ভরতা বাড়লেও বিদ্যুতের ঘাটতির কারণে সেচ কার্যক্রম স্বাভাবিক রাখা যাচ্ছে না। এতে বোরো ধানের উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, জ্বালানি সংকটের কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও বিদ্যুৎচালিত সেচপাম্প ব্যবহারের ফলে গত বছরের তুলনায় বোরো চাষ বেড়েছে। এছাড়া সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সেচের ওপর চাপ কিছুটা কমেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available