• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:০১:৫৪ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-আরিচা মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের

২৫ জুলাই ২০২৬ সকাল ১১:২৪:২৬

ঢাকা-আরিচা মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি নষ্ট বাসকে কেন্দ্র করে চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

২৫ জুলাই শনিবার সকালে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাতে আরটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থেমে যায়। এ সময় দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আহত অপর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত আবাস সাহা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধামরাই থানার এসআই তারেক জানান, সকাল ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে। ঘটনাস্থলে কাভার্ডভ্যান, মিনিবাস ও মোটরসাইকেলগুলো রয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশের অধিক্ষেত্র হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা তারা নেবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে কেন্দ্র করেই দুর্ঘটনার সূত্রপাত। বাসটি দেখে পেছনের যানবাহনগুলো একের পর এক হঠাৎ ব্রেক করায় শেষ পর্যন্ত দ্রুতগতির মিনিবাসটি মোটরসাইকেলগুলোকে ধাক্কা দেয় এবং মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৪৭:১৮






Follow Us