অনলাইন ডেস্ক: ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
২ জুলাই বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে নগরীর কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের নাসা টাওয়ার ভবনের একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর প্রায় চার ঘণ্টা আগে ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে লাফ দেন তিশা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ বিস্তারিত জানাতে পারেননি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিশা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available