লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে আরজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
৪ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরজিনা বেগম ওই গ্রামের সোবাহান আলীর স্ত্রী। আহতরা হলেন উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকার বাসিন্দা মিজানুর রহমান ও রশিদা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর ধূলিঝড়ের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। বৃষ্টির একপর্যায়ে বিকট শব্দে একের পর এক বজ্রপাত হতে থাকে। এ সময় বাড়িতে অবস্থানকালে বজ্রাঘাতে আরজিনা বেগম ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে পৃথক স্থানে বজ্রপাতে আহত হন মিজানুর রহমান ও রশিদা বেগম। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available