ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খুলনার দাকোপের বাদাম বিক্রেতা রাজু গাজী। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথন ও হাত মেলানোর মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করেন রাজু। পরে ভিডিওটি নিজের ফেসবুক রিলসে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যাওয়ার পথে রাজুর সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তারেক রহমান। পরে সেখান থেকে হেঁটে কোস্টগার্ডের পন্টুনের দিকে যাওয়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
পথে বাদাম বিক্রেতা রাজু মোবাইল ফোনের সেলফি মোডে ভিডিও ধারণ করতে করতে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করে উচ্চস্বরে সালাম দেন। এতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়। তিনি রাজুর কাছে গিয়ে তার সঙ্গে হাত মেলান এবং নাম জানতে চান। এ সময় আরও অনেকের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি কয়েকজনের মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজুকে বলতে শোনা যায়, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’
পরে প্রধানমন্ত্রী সামনে এগিয়ে গেলে ভিডিওতে উচ্ছ্বসিত রাজু বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা বললাম, আমার জীবন সার্থক। বাদাম বেচি, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাইছি, আর কী লাগে।’
রাজুর ধারণ করা ভিডিওটি তার ফেসবুক রিলসে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available