পিরোজপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।
১৭ অক্টোবর শনিবার দুপুর ১২টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের প্রস্তুতিমূলক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এ কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় বিবেচনা বা পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত দুস্থ, অসহায় ও উপকারভোগী পরিবারের তথ্য নিরপেক্ষভাবে সংগ্রহ করতে হবে। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সারাদেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে, যার মধ্যে নেছারাবাদ অন্যতম। এ কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫৪ হাজার ১৭০ জনের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। এ কাজ সম্পন্ন করতে সময় নির্ধারণ করা হয়েছে ৪৫ দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বাস্তবায়নে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সমন্বয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে।
আরও পড়ুন: কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০: একই পরিবারের ৮ জন
সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহান মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন শেখ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামাল কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।
প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষা জোরদার ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available