জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
৪ অক্টোবর রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতানিপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া সীমান্তের ১০৮৯/এমপি পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় কসমেটিকসের একটি চালান উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে স্কিন শাইন ক্রিম, চেইন, কানের রিংসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস রয়েছে। বিজিবির হিসাবে, জব্দ পণ্যের মোট সংখ্যা ৯৭১ পিস এবং আনুমানিক মূল্য ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
অভিযানকালে পণ্যগুলোর মালিক বা চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা কসমেটিকস কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available