রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগের একাধিক মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ সেপ্টেম্বর শনিবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা ছাওলা ইউনিয়নের পাওটানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাফিজুর রহমান মুকুল কাউনিয়া উপজেলার টেপামধূপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার জানান, হাফিজুর রহমান মুকুল সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। চাকরি থেকে অবসর বা চাকরি ছেড়ে দেয়ার পর নিজ এলাকায় আসেন। তিনি এলাকায় আসার পর সুপার শপে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক একাউন্টের চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে একাধিক চাকরি প্রত্যাশিত ও ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। চাকরি প্রত্যাশিতরা ও অর্থ ধার দেয়া ব্যক্তিরা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তার কাছ থেকে টাকা ফেরত চায়। কিন্তু হাফিজুর ভুক্তভোগীদের টাকা ফেরত না দিয়ে আত্মগোপন করেন। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তিরা প্রতারণার অভিযোগ এনে ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আদালতে হাফিজুর রহমান মুকুলের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করেন।
একাধিক প্রতারণা মামলায় সাবেক সেনাসদস্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, হাফিজুর রহমান মুকুলের বিরুদ্ধে আদালতে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর শুক্রবার সন্ধ্যায় পুলিশ যৌথ অভিযান চালিয়ে পীরগাছার পাওটানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available