নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ২৩৯টি পূজামণ্ডপে ৭৫০ জন পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ টহল ব্যবস্থাও থাকবে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এবার জেলায় ২৩৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজও চলছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেনারেটর, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার পরামর্শ দেওয়া হয়।
পুলিশ জানায়, গত বছর দুর্গাপূজায় নারায়ণগঞ্জে প্রায় ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন। এবার নিরাপত্তা আরও জোরদার করে প্রায় ৭৫০ জন পুলিশ সদস্যকে সাদা পোশাক ও ইউনিফর্মে দায়িত্বে রাখা হবে। একই সঙ্গে প্রতিমা তৈরির স্থান থেকে প্রতিমা মণ্ডপে নেওয়ার সময় মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হবে। পূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ অপরাধ প্রতিরোধেও পুলিশের বিশেষ টহল টিম মাঠে থাকবে।
সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগের বিষয় নেই। তবে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available