সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া (হ্যান্ডকাফ) পরা অবস্থায় পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো বহুল আলোচিত আসামি আসির মিয়া (৩০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘পানসী রেস্টুরেন্ট’ থেকে এক বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
গ্রেফতার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, কিছু দিন আগে শান্তিগঞ্জ থানা পুলিশ আসির মিয়াকে আটক করার পর স্থানীয় কয়েকজন আত্মীয়-স্বজন পুলিশের ওপর চড়াও হয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুলিশকে নিয়ে নানা বিভ্রান্তিকর বক্তব্য দেয় এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালায়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেফতারে মাঠে নামে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এর নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশন এবং সুনামগঞ্জ সদর থানার এসআই জহির হোসেনের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস দল শহরের পানসী রেস্টুরেন্টে অভিনব কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া এই একাধিক মামলার আসামিকে রাত পানসী রেস্টুরেন্ট থেকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available