ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় গ্যাস লিকেজের ঘটনায় তীব্র গন্ধে অন্তত ৪৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
২৯ জুন সোমবার সন্ধ্যায় নগরীর গোলপুকুরপাড় এলাকায় মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ শুরু হয়। পরে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে বহুতল ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত রাস্তায় নেমে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সড়কটি বন্ধ রাখা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, তীব্র গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে ৪৫ জন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। তাদের মধ্যে ২৯ জনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। ভর্তি রোগীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, পুরোনো সিলিন্ডার কাটার সময় গ্যাস লিকেজ হয়ে বিকট শব্দের সৃষ্টি হয়। তবে কোনো আগুন লাগেনি। লিকেজ হওয়া গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় তীব্র গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন বলেন, আবাসিক এলাকায় কীভাবে এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসা পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available