রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান-কে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীপেন দেওয়ান শুধু রাঙ্গামাটি আসনেই নয়, সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল সম্প্রদায়ের আস্থাভাজন ও পাহাড়ের জনপ্রিয় নেতা হিসেবে দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, একজন সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আহ্বানে তিনি রাজনীতিতে যোগ দেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও জনগণের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাঁকে মন্ত্রী পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, পার্বত্য অঞ্চলে চলমান উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন।
রাঙ্গামাটি শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস. এম. মঈন উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, জুম ইসথেটিক কাউন্সিল (জাক)-এর সভাপতি শিশির চাকমা, রাঙ্গামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান, সমাজসেবক আমির মোহাম্মদ ছাবের, রাঙ্গামাটি বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রাজীব চাকমা, নারী নেত্রী রাবেয়া সুলতানা, শিক্ষাবিদ গৌরিকা চাকমা, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী, মারমা সাংস্কৃতিক সংস্থার সভাপতি মংসুই প্রু মারমা, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, লুমা লুসাই এবং বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গামাটি জেলার সভাপতি মোঃ মইন উদ্দিন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা পূরণে দীপেন দেওয়ানকে পুনর্বহালের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট এ দাবিসংবলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available