• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৫০:৪১ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বাইক চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল মামা-ভাগনির

৩ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৪৫

বাইক চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল মামা-ভাগনির

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মামার মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা গেছে তার ভাগনি ইশাত (১৪)।

২ জুন মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে একই দুর্ঘটনায় নিহত হন তার মামা মো. ফজলে রাব্বি (২১)।

নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ইশাত তার আপন ভাগনি এবং দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। পরিবারটি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করে। ইশাতের বাবা সচিবালয়ের গাড়িচালক হিসেবে কর্মরত। আসন্ন ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল ইশাত।

প্রত্যক্ষদর্শী ও অ্যাম্বুলেন্সচালক মো. জসিম জানান, মোটরসাইকেল চালানো শেখানোর সময় গতি নিয়ন্ত্রণ হারিয়ে মতলব সেতুর দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মামা-ভাগনি গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, হাসপাতালে আনার আগেই রাব্বির মৃত্যু হয়েছিল। গুরুতর আহত ইশাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই দুর্ঘটনায় মামা ও ভাগনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us