সিলেট প্রতিনিধি: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
৫ এপ্রিল রোববার রাত ১১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও সার্ভার রুমে প্রচুর ধোঁয়া ছিল। যেহেতু এটি একটি সংবেদনশীল এলাকা, তাই সেখানে থাকা যন্ত্রপাতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আগুনে কয়েকটি এসি পুড়ে গেছে এবং সার্ভার রুমে ঘন ধোঁয়া সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available