মাগুরা প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলনকে আটক করেছে পুলিশ।
২১ মার্চ শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপালগ্রাম ইউনিয়নের পথেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সদর উপজেলা যুবলীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।


অভিযোগ রয়েছে, নাসিরুল ইসলাম মিলনের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। ওই বৈঠক শেষে পথেরহাট বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

মাগুরা জেলা পুলিশ সূত্র জানায়, গোপালগ্রাম ইউনিয়নের পথেরহাট বাজার সংলগ্ন একটি স্থানে গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভঙ্কর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ আরও জানায়, আসন্ন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মিছিল, সভা-সমাবেশের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available