স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা-এ গ্রাম পুলিশ নিয়োগ বাছাই পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হয়নি। ফলে সবাইকে নিয়োগ কার্যক্রম থেকে বাদ দেয়া হয়েছে।
২৫ ফেব্রুয়ারি বুধবার উপজেলা পরিষদ হলরুমে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রাম পুলিশ নিয়োগের কার্যক্রম শুরু হয়। মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।

পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের অংশ হিসেবে সকল প্রার্থীদের ১৫ মিনিটের মধ্যে জাতীয় সংগীত লিখতে দেয়া হয়। তবে কেউই সম্পূর্ণ ও শুদ্ধভাবে লিখতে পারেনি। ফলে নিয়োগ কমিটি পরবর্তীতে নিয়োগ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, ‘শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা পরীক্ষায় দেখা গেছে, অত্যন্ত দুঃখজনকভাবে কোনো প্রার্থীই জাতীয় সংগীতটি সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available