কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ হাজার কেজি লাল কোরাল মাছ। বিপুল পরিমাণ এ মাছ স্থানীয় বাজারে প্রায় ৩৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২টার দিকে মাছবোঝাই ট্রলারটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারি ঘাটে পৌঁছায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ সদর কেরনতলী এলাকার মিজানের মালিকানাধীন একটি ট্রলার ও একটি নৌকা ২১ জন মাঝি-মাল্লা নিয়ে ২৩ ফেব্রুয়ারি সকালে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। পরদিন দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে জেলেরা বড় একটি মাছের ঝাঁক দেখতে পান। পরে চারদিক থেকে জাল ফেললে কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ লাল কোরাল মাছ ধরা পড়ে।

জেলেদের ভাষ্য অনুযায়ী, ধরা পড়া মাছের সংখ্যা এক হাজারের বেশি। প্রতিটি মাছের ওজন আনুমানিক ৫ থেকে ৭ কেজি। সব মিলিয়ে মোট ওজন দাঁড়ায় প্রায় দেড়শ’ মণ, অর্থাৎ প্রায় ৬ হাজার কেজি।
ঘাটে পৌঁছানোর পর স্থানীয় মাছ ব্যবসায়ী মো. রশিদ প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মাছগুলো কিনে নেন। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ লাখ টাকা।
মো. রশিদ জানান, দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করলেও এক জালে এত লাল কোরাল ধরা পড়া বিরল ঘটনা। মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে ঢাকার যাত্রাবাড়ী, কারওয়ান বাজার ও আব্দুল্লাহপুরের আড়তে পাঠানো হচ্ছে।
স্থানীয় জেলেরা বলেন, মৌসুমের শেষ দিকে এ ধরনের বড় ঝাঁক ধরা পড়া বিরল ঘটনা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available