কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: রমজান শুরুর প্রাক্কালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে তিনি কাপাসিয়া বাজারের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য কাঁচামালের আড়ত, সবজি ও ফলের দোকান ঘুরে দেখেন এবং সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে পণ্যের দাম ও তাদের ভোগান্তির কথা শোনেন। বিশেষ করে, রমজানে বহুল ব্যবহৃত আলু, বেগুন, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, লেবু, টমেটো, কলা ও বিভিন্ন ফলমূলের দাম হঠাৎ বৃদ্ধির কারণ সম্পর্কে ব্যবসায়ীদের কাছে জানতে চান তিনি।


এ সময় এমপি সালাহউদ্দিন আইউবী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা মুসলিম প্রধান দেশে বাস করি। রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকা উচিত। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।’
তিনি আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত স্থানীয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করা হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা এবং সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available