• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ রাত ১২:১১:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৯:০৯

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইশতেহারটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইশতেহার ঘোষণাকালে এডভোকেট আবু তাহের বলেন, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সেক্টরভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঘোষিত ইশতেহারে শিক্ষা খাতে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সুবিধাসম্পন্ন স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ জোরদারের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা তহবিল গঠন এবং আন্তর্জাতিক বৃত্তি সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।

কৃষি খাতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক বাজার’ স্থাপন, বিনা সুদে কৃষিঋণ প্রদান, কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং নিয়মিত ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকারও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য খাতে ইউনিয়নভিত্তিক কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু, দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন এবং সরকারি হাসপাতাল আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে বেকারত্ব দূরীকরণ, যুব ও নারী কর্মসংস্থান সৃষ্টি, ভিক্ষুক পুনর্বাসন এবং ‘ওয়ান ফর অল’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ সদস্য গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

আরও পড়ুন

মাদারীপুরে মোবাইল চোর ধরতে গিয়ে বৃদ্ধর মৃত্যু

এ ছাড়া যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন কেন্দ্র উন্নয়ন, যুব ও ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী কমিটি গঠনের ঘোষণাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ঘোষিত ইশতেহার বাস্তবায়িত হলে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিকল্পিত, উন্নত ও মানবিক জনপদে রূপান্তর করা সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ