স্পোর্টস ডেস্ক: ম্যাচের আগে আলোচনায় ছিল ব্রিজটাউনে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল ভারত। তবে এবার চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার মানতে হয়েছে ভারতকে।

আগে ব্যাটিং করে শুরুতে কিছুটা চাপে পড়লেও ট্রিস্টান ব্রেভিস (২৯ বলে ৪৫), ডেভিড মিলার (৩৫ বলে ৬৩) ও ট্রিস্টান স্তাবসের (২৪ বলে ৪৪*) ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা।


১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৩১ রানে ৩ উইকেট হারায় দলটি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯ ওভারের আগেই ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে ৭৬ রানের বড় ব্যবধানে জয় পায় প্রোটিয়ারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের হিসেবে এটিই ভারতের সবচেয়ে বড় হার। এর আগে ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হেরেছিল ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ৭৬ রানের বেশি ব্যবধানে ভারত মাত্র একবারই হেরেছে—২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রানে।
চলতি আসরের গ্রুপ পর্বে চার ম্যাচেই আগে ব্যাটিং করে জিতেছিল ভারত। তবে এবার প্রথমবার রান তাড়া করতে নেমেই ছন্দ হারায় দলটি। একই সঙ্গে ২০২২ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর বহুজাতিক টুর্নামেন্টে টানা ২২ ম্যাচের অপরাজিত যাত্রাও থেমে গেল ভারতের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক সুরিয়াকুমার যাদব বলেন, ‘১৮০-১৮৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বেশি উইকেট হারালে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। ছোট ছোট জুটি গড়া দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। তবে এটা খেলারই অংশ। এখান থেকে শিক্ষা নিয়ে আরও শক্তভাবে ফিরে আসব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available