অনলাইন ডেস্ক: সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ জন সাংবাদিকের হাতে স্বাস্থ্য বীমার চেক তুলে দিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
১৪ জুলাই মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’ এর আওতায় সুবিধাভোগী সদস্যদের হাতে মোট ৬ লাখ ২০ হাজার ৪৬৪ টাকার চেক তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদ।
অনুষ্ঠানে বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন, ট্রেজারার মানস ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, সদস্যরাই বিজেসির মূল শক্তি। তাদের যেকোনো সংকটে পাশে থাকা সংগঠনের নৈতিক দায়িত্ব। বর্তমানে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার সময়ে এই স্বাস্থ্য বীমা সুবিধা সদস্যদের মানসিক ও আর্থিক স্বস্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সদস্যদের কল্যাণে বিজেসির এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজেসি জানায়, কোনো বীমা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০১৯ সাল থেকে এ স্বাস্থ্য বীমা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। একজন সদস্য একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এই সুবিধা পেতে পারেন।
সংগঠনের তথ্য অনুযায়ী, গত সাত বছরে এই কার্যক্রমের আওতায় ৩৩২ জন সদস্যকে মোট ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা প্রদান করা হয়েছে।
বিজেসির নিয়ম অনুযায়ী, কোনো সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে স্বাস্থ্য বীমা সুবিধার জন্য আবেদন করতে পারেন। পরে সংগঠনের ‘কল্যাণ ও সুরক্ষা কমিটি’ যাচাই-বাছাই শেষে সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available