নিজস্ব প্রতিবেদক: ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সিনিয়র অফিসার ও সমমানের পদে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।
২৯ এপ্রিল বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।


বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট-১ (বিআরপিডি-১)-এর পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ব্যাংক খাতে দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে পদোন্নতিতে এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগ পেতে হলে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হবে।
তবে যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগ দিয়েছেন এবং ওই পদে পদোন্নতির পর ১৫ বছর অতিক্রম করেছেন, তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা বিবেচনায় এই পরীক্ষার বাধ্যবাধকতা শিথিল থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ অনুযায়ী জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে ব্যাংকিং খাতে দক্ষতা ও পেশাগত মান উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available