• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৫:৩৮ (24-Oct-2026)
  • - ৩৩° সে:
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১১ বছরের বিরতি শেষে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নার হয়ে ফরলির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ৪৬ বছর বয়সী এই তারকার। ২৩ অক্টোবর শুক্রবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করেছে। খবর রয়টার্সের।গত জুনে রোনালদিনহোকে দলে নেওয়ার ঘোষণা দেয় ইতালির ক্লাব রাভেন্না। তবে এত দিন ক্লাবটির হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি তিনি। আগামী ১৫ নভেম্বর রাভেন্নার মাঠে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফরলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলারের।প্রত্যাবর্তনের ঘোষণা দিয়ে রাভেন্না জানায়, ‘পুরো ফুটবল বিশ্ব ভেবেছিল, এটি সত্যি হওয়ার মতো কোনো ঘটনা নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারছি এক জমকালো প্রত্যাবর্তনের খবর। ফিরছে সেই জাদু, সেই হাসি এবং এমন এক প্রতিভা, যিনি প্রজন্মের পর প্রজন্মের সমর্থকদের মুগ্ধ করেছেন। তাঁরা যে দলেরই সমর্থক হোন না কেন, রোনালদিনহোর প্রতি তাঁদের ভালোবাসা অটুট।’বিখ্যাত রেস্তোরাঁ ব্র্যান্ড সিপ্রিয়ানির কর্ণধার ও রাভেন্নার মালিক ইগ্নাজিও সিপ্রিয়ানি মূলত রোনালদিনহোকে মাঠে ফেরানোর উদ্যোগ নেন। ব্রাজিলিয়ান তারকাকে দিয়ে ক্যারিয়ারের ৩০০তম গোল করানোর সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে।গত ২০ আগস্ট সমুদ্রসৈকতে এক অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেয় রাভেন্না। এরপর থেকেই তাঁকে ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। ক্লাবটির ভাষ্য, মায়ামিতে তাঁকে দলে নেওয়ার ঘোষণা থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা—সব মিলিয়ে তাঁর প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।বিবৃতিতে রাভেন্না জানায়, ‘প্রেসিডেন্ট সিপ্রিয়ানির যে স্বপ্ন সমর্থকদের কল্পনাকে উসকে দিয়েছিল এবং ইতালির সীমানা ছাড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিল, এবার তা বাস্তবে রূপ নেওয়ার নির্দিষ্ট তারিখ পেয়েছে। রোনালদিনহো বেনেল্লিতে খেলবেন। এর মধ্য দিয়ে এমন এক গল্পের নতুন অধ্যায় শুরু হবে, যা প্রতিনিয়ত সবাইকে চমকে দিচ্ছে।’রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। ২০১৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ইতালির ফুটবলে এটি হবে তাঁর দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেছেন তিনি।বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনা ও প্যারিস সাঁ-জারমাঁর মতো ক্লাবে খেলা রোনালদিনহো ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন। ২০০৫ সালে তিনি জেতেন ব্যালন ডি’অর—ফুটবলে ব্যক্তিগত পর্যায়ের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার।এটিভি/এসআইআর