স্পোর্টস ডেস্ক:ইউরোপের একাধিক ক্লাবের প্রস্তাব উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। তার এই সিদ্ধান্তের মূল কারণ, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ। মেসিকে ‘ফুটবলের দেবতা’ আখ্যা দিয়ে ক্যাসেমিরো বলেছেন, তাকে আরও শিরোপা জিততে সহায়তা করাই এখন তার অন্যতম লক্ষ্য। খবর ইএসপিএনের।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর গত সপ্তাহে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দেন ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো। এমএলএসের ক্লাবটির সঙ্গে ২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তি করেছেন তিনি। চুক্তিতে মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
নতুন ক্লাবে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনেই মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ইউরোপের বিভিন্ন ক্লাবের আগ্রহ থাকা সত্ত্বেও কেন ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন- এমন প্রশ্নের জবাবে ক্যাসেমিরো বলেন, ‘আমার মনে কোনো সন্দেহ নেই, আমি এখানে এসেছি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে। আমি এটি উপভোগ করতে চাই এবং তাকে জিততে সাহায্য করতে চাই। কারণ সে জন্মগত একজন বিজয়ী। জয়ের মানসিকতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষুধা নিয়েই আমি তার দলে যোগ দিয়েছি।’
তিনি বলেন, ‘ইতালিসহ ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি। তবে শুরু থেকেই তার লক্ষ্য ছিল মেসির সতীর্থ হওয়া। আমি এমন একটি জায়গায় এসেছি, যেখানে আমি নিজেই আসতে চেয়েছি। ইউনাইটেড ছাড়ার পর ইতালিসহ বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব ছিল। কিন্তু আমি তার পাশে খেলতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই। সে ফুটবলের অন্যতম সেরা, নাকি ফুটবলের ঈশ্বর- এটা বলা কঠিন। আমি শুধু তাকে সাহায্য করতে চাই।’
রিয়াল মাদ্রিদে থাকার সময় এল ক্লাসিকোতে বহুবার মেসির মুখোমুখি হয়েছেন ক্যাসেমিরো। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘মেসি অতীতে আমাকে অনেক ভুগিয়েছে। তখন থেকেই একদিন তার সঙ্গে একই দলে খেলার ইচ্ছা ছিল। আমি সবসময় সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চেয়েছি। রিয়াল মাদ্রিদে থাকাকালে তাকে কখনোই একা থামাতে পারিনি; প্রতিবারই সতীর্থদের সহায়তা লাগত। এখন তার সতীর্থ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। তার সঙ্গে ট্রফি জিততে চাই।’
এরই মধ্যে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে ক্যাসেমিরোর। অন্যদিকে, বিশ্বকাপ-পরবর্তী সংক্ষিপ্ত বিরতি শেষে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসিও। ফলে খুব শিগগিরই ইন্টার মায়ামির হয়ে প্রথমবারের মতো একই একাদশে দেখা যেতে পারে একসময়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available