স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দলের সঙ্গে যোগ দিতে পারছেন না দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার হামজা চৌধুরী।
নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছাবেন হামজা। সে অনুযায়ী তার জন্য হোটেল ও অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।

তবে শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন আসে। গতকাল ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটি ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে। যদিও সেই ম্যাচে হামজা মাঠে নামেননি, তবুও ক্লাবের সূচির কারণে নির্ধারিত সময়ে ছাড় পাওয়া সম্ভব হয়নি।
জানা গেছে, ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হবেন হামজা। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছাবেন তিনি।
ফলে ২৪ মার্চ পৌঁছালেও সেদিন অনুশীলনে অংশ নিতে পারবেন না হামজা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ক্লাবের ব্যস্ততার কারণে অনেক খেলোয়াড়ই স্বল্প অনুশীলন নিয়েই জাতীয় দলে অংশ নিয়ে থাকেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available