• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:০৪:৫৮ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় অবদানের জন্য স্পেনের ‘নোবেল’ পেলেন মেসি

২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১০:১৭

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় অবদানের জন্য স্পেনের ‘নোবেল’ পেলেন মেসি
পুরস্কার হাতে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে অবদানের স্বীকৃতিস্বরূপ স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ২৩ অক্টোবর শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর। খবর এএফপির।

চলতি বছরের জুনে মেসিকে ক্রীড়া বিভাগে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বিচারকমণ্ডলী তাঁকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করেন। ফুটবলে অসামান্য সাফল্যের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁর দাতব্য কার্যক্রমেরও প্রশংসা করা হয়।

স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসি পৌঁছালে ব্যাগপাইপ ও ঢোলের বাদ্যে তাঁকে স্বাগত জানানো হয়। আর্জেন্টিনার জার্সি পরা অসংখ্য সমর্থক এ সময় তাঁর নাম ধরে স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)

পুরস্কার তুলে দেওয়ার সময় রাজকন্যা লিওনর মেসির অসাধারণ ফুটবলীয় দক্ষতা ও দলীয় চেতনার প্রশংসা করেন। তিনি বলেন, মেসি অসাধারণ কীর্তিকে প্রতিদিনের ঘটনায় পরিণত করেছেন। খেলার পরিস্থিতি বুঝে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তিনি সব সময় ব্যক্তিগত অহংকারের চেয়ে দলীয় চেতনাকে প্রাধান্য দিয়েছেন।

১৯৮১ সালে প্রবর্তিত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে পরিচিত। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। প্রতিটি পুরস্কারের সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো অর্থমূল্য, একটি সনদ, পদক এবং ভাস্কর্য।

শুক্রবারের অনুষ্ঠানে মেসি ছাড়াও পুরস্কার গ্রহণ করেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, মার্কিন নভোচারী ক্রিস্টিনা কোচ এবং সংগীতশিল্পী প্যাটি স্মিথ। এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন দৌড়বিদ এলিউদ কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন।

আরও পড়ুন

জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮:৪১


টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৯:১৪