ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। ১৯ অক্টোবর সোমবার সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে চলছে মহামায়ার আরাধনা। অষ্টমীর পূজায় বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমারীকে আজ দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।
দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ এ কুমারী পূজা। ঐতিহ্য অনুসারে, এ পূজায় একজন বালিকাকে দেবী দুর্গা তথা দিব্য নারীশক্তির প্রতীক হিসেবে আরাধনা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজ সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রচলিত রীতি অনুযায়ী, সাধারণত বয়ঃসন্ধির আগের একজন বালিকাকে কুমারী হিসেবে পূজা করা হয়। এ সময় দেবীর প্রতীক হিসেবে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। ফুল, বস্ত্র ও অন্যান্য উপাচার নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হয় পূজার আনুষ্ঠানিকতা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজার সময়সূচি অনুযায়ী, আজ সকালে মহাঅষ্টমীর পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা।
অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধ করতে দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের ঘটনাকে স্মরণ করে এ পূজা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর গণমাধ্যমকে বলেন, এবার সরকার আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং প্রশাসনও দায়িত্বশীল ভূমিকা রাখছে। বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available