• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:২৫:৩৫ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে মনসা পূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

১৮ আগস্ট ২০২৬ দুপুর ০২:৩১:২৭

পিরোজপুরে মনসা পূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। পূজা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে মনসা দেবীর প্রতিমা বিক্রি করছেন এক প্রতিমা কারিগর (পাল)। ভক্তদের পছন্দ অনুযায়ী তৈরি করা হচ্ছে বিভিন্ন আকার ও নকশার প্রতিমা।

১৮ আগস্ট মঙ্গলবার নেছারাবাদসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মনসা পূজা অনুষ্ঠিত হবে। বর্ষাকালে সাপের উপদ্রব ও সর্পভীতি থেকে রক্ষা এবং পরিবার-পরিজনের মঙ্গল কামনায় বাংলার গ্রামাঞ্চলে ঐতিহ্যগতভাবে দেবী মনসার আরাধনা করা হয়। মনসা পূজা বাংলার লোকজ সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত।

পূজাকে সামনে রেখে প্রতিমা বিক্রেতারাও ব্যস্ত হয়ে উঠেছেন। প্রতিমা কিনতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন। অনেক পরিবারে প্রতিমার পাশাপাশি ঘট, ফুল, ফল, দূর্বা, বেলপাতা, ধূপ-প্রদীপসহ পূজার বিভিন্ন উপকরণ সংগ্রহের প্রস্তুতিও চলছে।

মিয়ারহাট বাজারের বিশ্বাস বাড়ি প্রতিমা ক্রয় করতে আসা লোকনাথ কর্মকার বলেন, উপজেলার আটঘর-কুড়িয়ানা, শশীদ, মিয়ারহাট, স্বরূপকাঠীর জগন্নাথকাঠি বন্দর বাজারে সবচেয়ে বড় প্রতিমার বাজার বসে। আমি প্রতিবছর মিয়ারহাট বাজারের বিশ্বাস বাড়ি থেকে প্রতিমা ক্রয় করে থাকি। এখানে বাজার দরের চেয়ে কম টাকায় প্রতিমা পাওয়া যায়।

মনসা তৈরীর কারিগর উত্তম বড়াল বলেন, আমি দীর্ঘ ২৫ বছর এই পেশার সাথে সম্পৃক্ত আছি। মনসা দেবীর প্রতিমা ১৫০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি করছি। প্রতিদিন ১০০ থেকে ১৫০ খানা প্রতিমা এখান থেকে বিক্রি হয়।

উপজেলার মিয়ারহাট বিশ্বাস বাড়ি কেন্দ্রীয় মন্দিরের পূজারি শ্যামল মজুমদার বলেন, ধর্মীয় বিশ্বাস ও লোকাচার অনুযায়ী মনসা দেবীকে সর্পদেবী ও ‘বিষহরি’ হিসেবে মান্য করা হয়। মনসামঙ্গল কাব্যের চাঁদ সওদাগর, বেহুলা ও লখিন্দরের কাহিনীর সঙ্গেও দেবী মনসার পূজা ও ঐতিহ্য গভীরভাবে যুক্ত। তাই ধর্মীয় আচার অনুযায়ী এ দিনে মনসা পূজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেছারাবাদ উপজেলা শাখার আহবায়ক মিলন মিস্ত্রী বলেন, মনসা পূজা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাচীন ধর্মীয় ও লোকজ ঐতিহ্য। নেছারাবাদে প্রতিবছরই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন মন্দির ও বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়। এবারের পূজাও শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

স্থানীয়দের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এবারও নেছারাবাদের বিভিন্ন এলাকায় মনসা পূজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রতিমা তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত কারিগরদের মধ্যেও উৎসবকে ঘিরে দেখা দিয়েছে বাড়তি ব্যস্ততা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ