• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:১৬:০৪ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

৬ জুন ২০২৬ দুপুর ১২:০৬:৪১

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সাম্প্রতিক পর্বে নরসিংদীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হলেও জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ স্থান না পাওয়ায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

৫ জুন শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি অনুষ্ঠানটির উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের সমালোচনা করে বলেন, ‘কালচারাল ইন্ডাস্ট্রির বি-আওয়ামীকরণ না হওয়া পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ওল্ডগার্ডদের চৈতন্যে স্থান পাবে না।’

সারোয়ার তুষার জানান, ছোটবেলা থেকেই তিনি ‘ইত্যাদি’র নিয়মিত দর্শক। নরসিংদীকে কেন্দ্র করে নির্মিত সর্বশেষ পর্বে জেলার বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

তিনি উল্লেখ করেন, অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহিদ আসাদ এবং গিরিশচন্দ্র সেনের বসতভিটা, সমাধিস্থল, জাদুঘর ও লাইব্রেরির মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান স্থান পেয়েছে। এসব উপস্থাপনায় নরসিংদীর সন্তান হিসেবে তিনি গর্ববোধ করেন বলেও জানান।

তবে তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান এবং নরসিংদীতে সংঘটিত বিভিন্ন আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ অনুষ্ঠানটিতে অনুপস্থিত ছিল। বিশেষ করে নরসিংদীর কারা বিদ্রোহ এবং ওই সময়ের কয়েকজন শহিদের নাম উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় ‘ইত্যাদি’র উপস্থাপনায় স্থান পায়নি।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, অনুষ্ঠানের কুইজ পর্বে নরসিংদীর বিশিষ্ট ব্যক্তিত্বদের নাম থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের কোনো উল্লেখ ছিল না।

সারোয়ার তুষারের মতে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে পরিবর্তন না এলে জুলাই গণঅভ্যুত্থান যথাযথ গুরুত্ব পাবে না।

তবে এ বিষয়ে হানিফ সংকেত বা ‘ইত্যাদি’ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us