স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলাম-ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করছে। দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এমন বক্তব্য দিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে মা-বোনদের ভুল বোঝানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ‘আমরা জানি জামায়াত ইসলামের কথা বলে। কিন্তু আজ চরমোনাইয়ের পীর সাহেব নিজেই বলেছেন, জামায়াতে ইসলাম কোনো ইসলামী দল নয়। রাজনীতি করবেন এতে আমাদের আপত্তি নেই। কিন্তু মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না।’
তিনি আরও বলেন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দেখেছেন, জামায়াতের আমির নারীদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেছেন যা অত্যন্ত নিন্দনীয়।
বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামী দেড় বছরের মধ্যে এক কোটি বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা কাজে বিশ্বাস করি, সমালোচনায় নয়, বলেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে বিএনপির ওপর ব্যাপক নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। তার বিরুদ্ধে ১১৭টি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ১১ দফায় সাড়ে তিন বছর কারাবরণ করতে হয়েছে। সপ্তাহে চার থেকে পাঁচ দিন আদালতে হাজিরা দিতে হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এই লড়াই করতে করতেই আমি দেশের সব বিরোধী দলকে একত্রিত করতে পেরেছি। কিন্তু এত কিছুর পরও আমি আমার এলাকার মানুষকে মানসিকভাবে ছেড়ে যাইনি।’
তিনি আরও বলেন, নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ কোনো নির্বাচনই সঠিকভাবে হয়নি। আগের সরকার ভোট নিয়ে যেত, পরে ইচ্ছামতো সংখ্যা বসিয়ে ফল ঘোষণা করত। এবার সেই নির্বাচন হবে না। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান। তিনি বলেন, ‘তারেক রহমান লন্ডন থেকে ফিরেই আমাদের মায়েদের কথা ভেবেছেন। বিএনপি ক্ষমতায় এলে প্রথম বছরেই ৫০ লাখ মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা যায়।’
তিনি আরও জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সার, বীজ ও সেচসুবিধা ন্যায্যমূল্যে পাওয়া যাবে। পাশাপাশি ব্যাংক ঋণগ্রহীতাদের সুদসহ ঋণ মওকুফ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available