ডেস্ক রিপোর্ট: পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান এবং জামায়াতের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।
২৩ অক্টোবর শুক্রবার ঝিনাইদহ শহরের পাবলিক হেলথ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, প্রতিবেশী একটি দেশের আশ্রয় ও সহায়তায় পাহাড়ের কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সেনাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষ শান্তি চান উল্লেখ করে তিনি বলেন, গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার কোনো অপচেষ্টা সরকার বরদাশত করবে না।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পর থেকেই তিনি রাজনৈতিকভাবে ছিটকে পড়েছেন। এখন তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের সুরে কথা বলছেন।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার একটি থানায় গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে ‘চোর’ আখ্যা দিয়ে রুমিন ফারহানা যে মব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন, তা তার রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি ভারতের সঙ্গে আঁতাত করছে—জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন বক্তব্যেরও জবাব দেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত নেতারা প্রতিনিয়ত মিথ্যাচারের রাজনীতি করছেন। অথচ, নির্বাচনের আগে রাতের আঁধারে কারা বিদেশি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন, তা দেশবাসী জানেন বলে দাবি করেন তিনি।
এ ছাড়া জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় লংমার্চ কর্মসূচির সমালোচনা করেন রাশেদ খাঁন। জনগণের কল্যাণে কাজ না করায় সাধারণ মানুষ তাদের এসব কর্মসূচি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।
ঝিনাইদহে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে চিকিৎসকদের সংগঠন ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available