অনলাইন ডেস্ক: রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি ঘটেছিল চুরির উদ্দেশ্যে। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার খবর পেয়ে চুরি করতে গিয়েছিলেন দুই অভিযুক্ত। ছাদে লুকিয়ে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে হত্যা করা হয়। এরপর একে একে পরিবারের বাকি তিন সদস্যকেও খুন করেন তারা।
তদন্ত শেষে আদালতে দাখিল করা অভিযোগপত্রে (চার্জশিট) এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা দুজন রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, গ্রেফতার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএ মিলেছে। তদন্তের অন্যান্য সাক্ষ্যপ্রমাণ ও তথ্যও তাদের জবানবন্দির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দাবি করেন, চুরির উদ্দেশ্যেই এই চারটি খুন করা হয়েছে। তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় গুঞ্জন ছিল এবং তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। মূলত এসব তথ্য থেকেই দুই আসামি ওই বাড়িতে চুরির ছক কষেন।
সনাতন চক্রবর্তী আরও জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে প্রবেশ করেছিলেন এবং পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েছিলেন। সে সময় তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। এ ছাড়া এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে সিদ্ধার্থ ও মুগ্ধ ধরা পড়েছিলেন বলে তদন্তে প্রমাণ মিলেছে।
পুলিশের তথ্যমতে, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করতে থাকেন এবং ওই সময় ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদে শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী সেখানে গিয়ে তাদের দেখে ফেলেন। তখন তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে যান গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগমী চক্রবর্তী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আসামিরা তাদের দুজনকেও হত্যা করেন। এরপর ঘরের ভেতরে ঢুকে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে খুন করা হয়। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয় বলে জানিয়েছে পুলিশ, যার ফলে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের দাগ পাওয়া গিয়েছিল।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান অভিযুক্তরা। আসামিদের তথ্য অনুযায়ী, নগদ প্রায় ১৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫টি আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন নমুনায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে; এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএ মেলেনি।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন ভাতা নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার কথা শোনা গেলেও তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই টাকা সোনালী ব্যাংকের দুটি অ্যাকাউন্টে জমা রয়েছে, যা বর্তমানে জব্দ করা আছে।
মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available