• ঢাকা
  • |
  • বুধবার ২১শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:১০:২৭ (05-Aug-2026)
  • - ৩৩° সে:

ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ: ইশরাক

৫ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩১:৪০

ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ: ইশরাক

অনলাইন ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।

৫ আগস্ট বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের মাধ্যমে পতিত ফ্যাসিবাদ যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে।

এসময় তিনি বলেন, ফ্যাসিস্টরা বাংলাদেশে যদি ফেরত আসে তাহলে তাদের গণহত্যার জন্য যে ফাঁসির রায় হয়েছে, সেটি কার্যকরের মাধ্যমে তাদের রাজনীতির ইতি টানা হবে।

ইশরাক হোসেন আরও বলেন, আমার প্রজন্মের পক্ষ থেকে শুধু এই কথাটি বলতে চাই, আমরা জুলাইকে ভুলে যাইনি। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের ভুলে যাইনি। জুলাই যোদ্ধাদেরকে ভুলে যাইনি। যতদিন না পর্যন্ত বাংলাদেশে সংঘটিত এই গণহত্যার বিচার হবে ততদিন পর্যন্ত আমরা থামবো না।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশ একটি বীরের জাতি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছি এবং সেটিরই প্রতিধ্বনী আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা কাজ করে যাবো। মানুষের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে যদি অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে আবারো হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয়, তাহলে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করি, আমরা রাজপথে রয়েছি। রাজপথে থাকবো। জনগণকে সাথে নিয়েই আমরা সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করবো।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ