নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, স্টেডিয়াম এলাকার অনিয়ম, অবৈধ দখল, মাদক ও ছিনতাই রোধে শুক্রবার থেকেই মাঠে নামছে মোবাইল কোর্ট।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো স্টেডিয়ামপাড়াকে একটি আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বর্তমান জরাজীর্ণ ও নিরাপত্তাহীন পরিবেশ দেখে চরম হতাশা প্রকাশ করে এই অভিযানের ঘোষণা দিয়েছেন তিনি।
ভেতরের সার্বিক পরিবেশ ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি জানান, ঐতিহ্যবাহী এই ক্রীড়া অবকাঠামোগুলো তাদের কাঙ্ক্ষিত পরিবেশ হারিয়ে ফেলেছে। সন্ধ্যার পরপরই স্টেডিয়াম এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের উপদ্রব বাড়ে বলে একাধিক অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন ও নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।
পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও অবকাঠামো সংস্কারের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সিটি করপোরেশনের সহযোগিতায় দ্রুত ময়লা অপসারণ, রাস্তা সংস্কার এবং জরাজীর্ণ ভবনগুলোর উন্নয়ন করা হবে। একই সঙ্গে স্টেডিয়ামের দোকানগুলোর লিজ, ভাড়া ও চুক্তিপত্র পুনর্মূল্যায়নের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও সরকারি রাজস্ব বঞ্চিত হয়ে থাকলে তা সংশোধন করে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রাপ্য রাজস্ব নিশ্চিত করার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে ক্রীড়াবিদদের বকেয়া ভাতা প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আইবাস পদ্ধতিগত জটিলতার কারণে ২৮ জন ক্রীড়াবিদের আটকে থাকা ভাতার মধ্যে ২৬ জনের সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বাকি দুইজনের জটিলতাও দ্রুত নিষ্পত্তি হবে এবং কোনো ক্রীড়াবিদের ভাতার অর্থ নষ্ট হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available