• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:০০:৫১ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

৮ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩৮:৫৮

চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে বিভিন্ন ইউনিটে পদায়িত ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের (এএসপি) যোগদানপূর্ব  দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনের পর নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার বিপুল জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দায়িত্ব পালন করছে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে পথ চলার নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে, যা জনপ্রত্যাশা, মানবাধিকার, নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীল। নবপদায়িত পুলিশ কর্মকর্তাদের নব উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনপ্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। প্রত্যেককে পুলিশ বাহিনীর একজন অ্যাম্বাসেডর হিসেবে জনতার পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, পুলিশিং একটি সেবা ও চ্যালেঞ্জ। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।

নবীন পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার আখ্যায়িত করে আইজিপি বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে হবে। নিত্যনতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। দায়িত্ব পালনকালে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আইন ও বিধি-বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্ব বজায় রাখতে হবে। পুলিশ প্রধান বলেন, জনগণের সঙ্গে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তাদের সেবা দিতে হবে।

৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ