ডেস্ক রিপোর্ট: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে তিনটি মেট্রো রেল প্রকল্প এবং একটি ইলেকট্রিক ট্রেন প্রকল্প।
১৬ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ঢাকা ও এর চারপাশ এবং দেশের বিভিন্ন অঞ্চলে আরও মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, একইসঙ্গে ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে এই ইলেকট্রিক ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনা রয়েছে। ডলারের অবমূল্যায়নের কারণে বিভিন্ন প্রকল্পের ব্যয় বেড়েছে। তাই দ্রুত প্রকল্পের কাজ শেষ না করলে সেপ্টেম্বরের পরই জাইকা তাদের ঋণের সুদ হার পরিবর্তন করবে।
জোনায়েদ সাকি বলেন, আমাদের বর্তমান কমিউটার ট্রেনের মতোই এই ব্যবস্থা। বলতে পারেন এর সঙ্গে মেট্রোরেলের একটা সাদৃশ্য আছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘মেট্রোরেল যেভাবে চলে এটাও সেভাবে চলবে। তবে এটা ট্রেডিশনাল ট্রেন লাইন ট্র্যাকের মধ্য দিয়েই পরিচালিত হবে। এই প্রকল্প পাসের মধ্য দিয়ে বাংলাদেশ ইলেকট্রিক ট্রেন লাইনের যুগে প্রবেশ করতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা সফল হলে এখানে একটা ইলেকট্রিক ট্রেন লাইন যুক্ত হবে এবং একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন লাইন হবে। তার জন্য ট্র্যাক তৈরি করার প্রকল্প আছে। অনেকের প্রশ্ন—বিদ্যমান ট্র্যাক লাইন দিয়ে এটা চলবে কিনা। বিদ্যমান ট্র্যাক লাইনের যে স্পিড ওঠে, আর এই কমিউটার ট্রেনের যে স্পিড হবে—দুয়ের মধ্যে একটু পার্থক্য হবে।’
জোনায়েদ সাকি বলেন, ‘তবে এই কমিউটার ট্রেন আবার বুলেট ট্রেনের মতো ৩০০ কিলোমিটার পার আওয়ার—এরকম স্পিডে যাবে না, এটার সর্বোচ্চ গতি হবে ১৬০। এই ১৬০ কিলোমিটার চলার মতো যে ট্র্যাক লাইন দরকার, সেটা তৈরি করা হচ্ছে। প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যে এগিয়ে গেছে।’
তিনি বলেন, ‘ইলেকট্রিক ট্রেন লাইনের প্রকল্প সম্পন্ন হলে এই ট্র্যাক লাইনে কমিউটার ট্রেন প্রায় ১৬০ গতিতে চলবে, যেমনটা মেট্রোরেল চলে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available